নিজ সংবাদ:
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুর রহমান জিসান হত্যা মামলার তদন্ত শেষ করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তাসহ মোট ২৯ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানক।
তালিকায় সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান সজল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক র্যাব মহাপরিচালক হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানও রয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলরসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় প্রত্যেক আসামির ভূমিকার বিবরণও অভিযোগপত্রে তুলে ধরেছেন তদন্ত কর্মকর্তা।
প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন জানান, মামলাটির পরবর্তী শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আগামী ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।
