এসসিও সম্মেলনের ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনের যৌথ ছবি এডিট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটি ঘিরে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মূল ছবিতে এসসিও সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে নরেন্দ্র মোদিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে শেহবাজ শরীফের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে মোদিসহ আরও চার নেতাকে কেটে বাদ দেওয়া হয়। একই সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ছবির কেন্দ্রস্থলে রাখা হয়।

পোস্ট করা ছবিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ এবং কিরগিজ প্রতিনিধি উলারবেক জার্লিকোভিক শার্শিভকে দেখা যায়।

পরে নরেন্দ্র মোদি প্রকৃত ছবিটি প্রকাশ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। মূল ছবিতে শেহবাজ শরীফকে ডানদিক থেকে চতুর্থ অবস্থানে দেখা যায়।

সম্মেলনে নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন মোদি। এসসিওর ২৬তম সম্মেলনে সদস্য, অংশীদার ও পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।