নিজ সংবাদ:
স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান ও সরবরাহ ব্যবস্থায় কোনও ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি শিক্ষার্থীদের জন্য পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ ওঠার পর তিনি এ সতর্কবার্তা দেন।
রবিবার (২৪ মে) রাজধানীতে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আয়োজিত এক নির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “এটি কোনও সাধারণ কর্মসূচি নয়। শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যতের সঙ্গে এ কার্যক্রম সরাসরি জড়িত। তাই দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পে জনগণের প্রত্যাশা পূরণ না হলে তা সরকার ও সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরবরাহকারী প্রতিষ্ঠানের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, “সরকার ব্যবসাবান্ধব হলেও শিশুদের খাদ্যের মানের সঙ্গে কোনও আপস করা হবে না। যারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না, তারা ভবিষ্যতে এই কার্যক্রমে থাকতে পারবে না।”
সভায় তিনি সাপ্লাই চেইন ম্যাপিং, ফুড টেকনিশিয়ান নিয়োগ, স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ, নির্ধারিত দিনে বিদ্যালয়ে খাদ্য পৌঁছে দেওয়া এবং মান নিয়ন্ত্রণ জোরদারের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, “শিশুরা যেন নিরাপদ ও পুষ্টিকর খাবার পায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।” সভায় বিভিন্ন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
