সাইফ আলী খানকে হামলার দায় স্বীকার করলেন বাংলাদেশি শরীফুল

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস। শুক্রবার ভারতের একটি সেশন আদালতে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি কম দেওয়ার আবেদন করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন শরীফুল। এ সময় তাকে দেখে ফেললে ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার ওপর হামলা চালান তিনি।

ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে শরীফুল হামলার অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, তিনি সাইফের বাড়িতে প্রবেশ করেননি এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

তবে শুক্রবার বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে শুনানির সময় তিনি হামলার দায় স্বীকার করেন। একই সঙ্গে নিজের অপরাধের জন্য অনুতপ্ত জানিয়ে আদালতের কাছে তুলনামূলক কম শাস্তির আবেদন করেন।

শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মক্কেল যে অপরাধ করেছেন, সে জন্য অনুতপ্ত। এ কারণেই তিনি আদালতের কাছে নিজের দায় স্বীকার করে কম শাস্তির আবেদন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, শরীফুলের বিরুদ্ধে চলমান মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্প্রতি এর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

২০২৫ সালের ১৬ জানুয়ারি বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। হামলাকারী তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন। ঘটনার দুই দিন পর ভারতের থানে এলাকা থেকে শরীফুলকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, ভারতে তিনি ‘বিজয় দাস’ ছদ্মনামে অবস্থান করছিলেন।