নিজ সংবাদ \ বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর জানাযা শেষে আবেগঘন পরিবেশে স্লোগান ও মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে স্লোগান দিতে থাকেন। ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে মরদেহবাহী গাড়ির সঙ্গে মিছিল নিয়ে বের হন নেতাকর্মীরা। এ সময় মাঠের মূল ফটক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়। এদিকে, একাংশ নেতাকর্মী স্লোগান দিতে দিতে নগরীর জিইসি এলাকার দিকে চলে যান। জানাযায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন নেতা ও বীর মুক্তিযোদ্ধা। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে, চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তি হিসেবে মোশাররফ হোসেন ছিলেন অত্যন্ত পরোপকারী ও সদালাপী মানুষ। চট্টগ্রামের উন্নয়ন ও জনকল্যাণে তার ভূমিকা দীর্ঘদিন স্মরণ করবে মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্লোগানে মুখর নেতাকর্মীরা
