রাম মন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিললো ৩ রুপি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের অযোধ্যার রাম মন্দিরে এক নারীর দেওয়া ৪ কোটি রুপির অনুদানের চেক নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায়, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩ রুপি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, চেন্নাইয়ের এক নারী ভক্ত শ্রী রামের জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে ওই চেকটি দান করেন। পরে ট্রাস্ট চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ফেরত আসে। এ ঘটনায় ব্যাংক ওই নারীকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এত বড় অঙ্কের চেক ইস্যুর সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকার কারণ নোটিশে জানতে চাওয়া হতে পারে।

তবে ওই নারী রাম মন্দিরে আলাদাভাবে ১০ হাজার রুপি দান করেছেন বলেও জানা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৪ কোটি রুপির অনুদান দেওয়ার আগে ওই নারী ট্রাস্টের কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছিলেন যে, তার দেওয়া অর্থ শুধু মন্দিরের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যয় করা হবে। তবে ট্রাস্ট এ ধরনের নিশ্চয়তা দিতে রাজি হয়নি। বর্তমানে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

রাম মন্দিরে প্রতি মাসে নগদ অর্থ, অনলাইন লেনদেন ও চেকের মাধ্যমে প্রায় ৩ থেকে ৪ কোটি রুপি অনুদান আসে। এর মধ্যে চেকের মাধ্যমে আসে আনুমানিক ১ থেকে ১.৫ কোটি রুপি।

এ ঘটনায় এখনো ট্রাস্টের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত জুনে মন্দিরের অনুদান নিয়ে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগও আলোচনায় এসেছিল।