নিজ সংবাদ:
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্রটি জমা দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ জানান, অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে।
তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর আগে, রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় বিচার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
