মামুনুল হককে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

শুক্রবার, জুন ১৯, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় সংসদের স্পিকারের বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ।

তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জাতীয় সংসদে একজন জনপ্রিয় আলেম ও বিরোধী মতের নেতাকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া হয়েছে, যা অতীতের স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া একটি বিষয় নিয়ে মন্তব্য করায় সংশ্লিষ্টদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, বিতর্কিত বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান সাগর, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আহমাদ মুরসালিন। এছাড়া ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ আদনান রাফি, মহানগর উত্তরের সভাপতি আহমাদুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পূর্ব গেটে গিয়ে শেষ হয়। আয়োজকরা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।