ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় পেল টাইগাররা।
জানা গেছে, বাংলাদেশ দল ঐতিহাসিক জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান। একইসঙ্গে দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।
এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি দেশে ফিরে দলকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও গরম কি না, সে বিষয়েও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।
পরবর্তী টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ২৩ বছর পর দ্বিতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাঠে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা।
