ছয় দফা না মানলে এক দফা, সরকারের পদত্যাগ: নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

সরকার ১১ দলীয় জোটের ছয় দফা দাবি মেনে না নিলে তা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষ্য, সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চে বিপুল পরিমাণ তেল খরচ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে এই কর্মসূচির মাধ্যমে সরকারকে জনগণের অবস্থান বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, সরকারের ‘গদি নড়ে গেছে’ এবং সরকার সেটি উপলব্ধি করছে কি না, সেটিই এখন প্রশ্ন।

তিনি আন্দোলনকারীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকারকে ছয় দফা দাবি মেনে নিতে হবে। দাবি মেনে না নিলে আন্দোলনের ছয় দফা এক দফায় পরিণত হবে এবং তখন সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।

পথসভায় আওয়ামী লীগ প্রসঙ্গেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষ কখনো সন্ত্রাসের কাছে মাথানত করেনি এবং চাঁদাবাজির কাছেও মাথানত করবে না। তিনি দাবি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।