আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউক্রেন নিজস্বভাবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সুযোগ পাবে এবং দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে প্রথম আলোচনা হয়। তিনি জানান, ইউক্রেনের জন্য দ্রুত আরও বেশি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হওয়ায় লাইসেন্সের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, আঙ্কারার আলোচনার পর হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সম্মতি দেন। এর ফলে ভবিষ্যতে ইউক্রেনে যৌথভাবে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের পথ আরও সুগম হবে।
তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গেও তার বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে যৌথ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, দুই দেশের সহযোগিতায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন শুরু করা সম্ভব হবে। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেনের সবচেয়ে বড় প্রয়োজন অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি দাবি করেন, এ বিষয়ে ইউক্রেনের প্রয়োজনীয়তার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
