শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত

বুধবার, জুলা ২৯, ২০২৬

নিজ সংবাদ:

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে কয়েকজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না। পাশাপাশি আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

এছাড়া নির্দিষ্ট কোনো মামলা না থাকলে আবেদনকারীদের শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছিল। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে সর্বোচ্চ আদালত আদেশটি স্থগিত করেন।