স্পেনে আরও এক ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

স্পেনে আরও একটি ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির এই তারকা। ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে একাধিক ফুটবল ক্লাবের মালিকানাও রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে এলদেন্সের মালিকানা মেসির হাতে যাওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চুক্তি সম্পন্ন হওয়ার আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই বা ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন হবে।

সব আনুষ্ঠানিকতা শেষ করে চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়া কিনেছেন। তবে পঞ্চম বিভাগের ওই ক্লাবটি এখনো আধা-পেশাদার পর্যায়ে রয়েছে।

এলদেন্সের মালিকানা নেওয়ার মাধ্যমে মেসি স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাবের মালিক হবেন। ক্লাবটির বর্তমান অবস্থান দেশটির দ্বিতীয় বিভাগে হওয়ায় এই বিনিয়োগ তার ফুটবল-ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে।

খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন বার্সেলোনায় কাটানো মেসির স্পেনের ফুটবলের সঙ্গে সম্পর্কও বেশ গভীর। এবার মালিকানা নেওয়ার মাধ্যমে দেশটির ফুটবলে তার সম্পৃক্ততা আরও বাড়তে যাচ্ছে।

এরই মধ্যে ক্লাব মালিকানায় মেসির অভিজ্ঞতা রয়েছে। স্পেনের কর্নেয়ার পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও তিনি আংশিকভাবে যুক্ত।

ফলে এলদেন্সের সম্ভাব্য মালিকানা মেসির খেলোয়াড়জীবনের পর ফুটবল প্রশাসন ও বিনিয়োগে আরও সক্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। তবে চুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য এখনো কয়েকটি আনুষ্ঠানিক ধাপ বাকি।