বিনোদন ডেস্ক:
তিন বছর পর আবারও ‘মহানগর’ ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রের ফেরার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা একটি ভিডিওতে ‘মহানগর ৩’ নিয়ে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে নিপুণ জানান, তিনি বর্তমানে একটি সিরিজের চিত্রনাট্য লিখছেন। সরাসরি নাম উল্লেখ না করলেও কথার একপর্যায়ে ‘মহানগর’-এর পরিচিত আবহসংগীত গেয়ে শোনান তিনি। এতে দর্শকদের মধ্যে তৃতীয় কিস্তি নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে নিপুণকে বলতে শোনা যায়, ‘যা-ই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’ এরপর একজন দর্শক মন্তব্য করেন, ‘তাহলে কি মহানগর ৩ ভাইয়া?’ জবাবে নির্মাতা লেখেন, ‘ইয়েস’। এর ফলে সিরিজটির তৃতীয় কিস্তি নির্মাণের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহানগর’-এর প্রথম কিস্তি গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের কারণে দর্শকদের ব্যাপক সাড়া পায়। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় প্রশংসিত হয়। পুলিশ কর্মকর্তাকে কেন্দ্র করে নির্মিত থ্রিলারধর্মী গল্পটি দ্রুত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এরপর ২০২৩ সালে মুক্তি পায় ‘মহানগর ২’। দ্বিতীয় কিস্তিতেও আগের কয়েকটি চরিত্রের পাশাপাশি নতুন চরিত্র ও ঘটনা যুক্ত হয়। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তৃতীয় কিস্তি নিয়ে নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এবার নিজের জন্মদিনে প্রকাশিত ভিডিওতে চিত্রনাট্য লেখার কথা জানিয়ে সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন নিপুণ। তবে চিত্রনাট্য কবে শেষ হবে, শুটিং কবে শুরু হবে কিংবা ‘মহানগর ৩’ কবে মুক্তি পাবে—এসব বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
