কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

দুগ্ধজাত পণ্য, মোটরসাইকেল ও মদ্যপ পানীয়

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার কিছু দুগ্ধজাত পণ্য, মোটরসাইকেলসহ অধিকাংশ মদ্যপ পানীয় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় নতুন এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হয়। গত মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে কানাডা এ পদক্ষেপ নেয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ আরও স্বাধীন হওয়ার কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টা দ্রুততর করারও অঙ্গীকার করেছেন তিনি।

কার্নি বলেন, এমন একটি ব্যবস্থা নিশ্চিত করাই তাদের লক্ষ্য, যাতে কোনো দেশ কানাডাকে জিম্মি করতে না পারে। একই সঙ্গে নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করতে চায় তার দেশ।

দুই দেশের সাম্প্রতিক বাণিজ্য বিরোধ বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি করা প্রায় ৫ শতাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে।

ওয়াশিংটনের অভিযোগ, কানাডা যুক্তরাষ্ট্রের দুগ্ধ, অ্যালকোহল ও অটো শিল্পের সঙ্গে অন্যায্য আচরণ করছে। এসব অভিযোগের পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক ও বাণিজ্যিক বিধিনিষেধ বাড়ছে।

নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ দুই প্রতিবেশীর মধ্যে চলমান বাণিজ্য বিরোধ এখন অর্থনীতি ছাড়িয়ে কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলছে।