নতুন সিইওর প্রথম আইফোন ইভেন্ট

অ্যাপলের সামনে বড় চ্যালেঞ্জ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক আইফোন ইভেন্টে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হাজির হতে যাচ্ছেন জন টার্নাস। এক দশকেরও বেশি সময় পর এই প্রথম টিম কুক অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন না। হার্ডওয়্যার প্রকৌশলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন টার্নাসের নেতৃত্বে নতুন উদ্ভাবনের প্রত্যাশা করছেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা।

নতুন সিইওর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গত দুই বছর ধরে এআই কৌশল নিয়ে সমালোচনায় রয়েছে অ্যাপল। নতুন সংস্করণের সিরি চালুর পরিকল্পনাও পিছিয়ে যায়। এবার উন্নত সিরি আইফোনের বার্তা, ছবি ও অন্যান্য তথ্য ব্যবহার করে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া এবং নির্দিষ্ট অ্যাপে কাজ করার সক্ষমতা পাবে। গুগলের জেমিনির সঙ্গে প্রতিযোগিতায় এটি অ্যাপলকে এগিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টার্নাসের ওপর নতুন ‘হিট’ পণ্য আনার চাপও রয়েছে। টিম কুকের সময়ে আইফোনকে বিশাল ব্যবসায় পরিণত করার পাশাপাশি অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও বিভিন্ন সেবা যুক্ত হয়েছে। এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফোল্ডেবল আইফোন। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই বাজারের ৪০ শতাংশ দখলের সম্ভাবনা রয়েছে অ্যাপলের।

এদিকে বিশ্বজুড়ে মেমোরির সংকটও বড় সমস্যা হয়ে উঠেছে। ডেটা সেন্টারে চাহিদা বাড়ায় মেমোরির দাম বেড়েছে। ফলে উৎপাদন ব্যয় সামলাতে আইফোনের দামও বাড়াতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক চাপও সামলাতে হবে টার্নাসকে। অ্যাপ স্টোরের নিয়ম পরিবর্তনের পাশাপাশি তৃতীয় পক্ষের এআই সহকারীদের প্রবেশাধিকার নিয়েও চাপ রয়েছে।

সব মিলিয়ে টিম কুকের গড়ে তোলা লাভজনক ব্যবসা ধরে রাখার পাশাপাশি অ্যাপলের প্রযুক্তিগত ‘চমক’ ফিরিয়ে আনাই হবে জন টার্নাসের বড় পরীক্ষা।