নিজ সংবাদ:
সীমান্ত সুরক্ষায় আভিযানিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বিজিবির নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নবনির্মিত বিওপিটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ফেনী নদীর অববাহিকা ও পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নতুন বিওপির মাধ্যমে এ এলাকায় সীমান্ত নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার হবে।
তিনি বলেন, বিওপি স্থাপনের ফলে ফেনী নদীপথ ও দুর্গম পাহাড়ি এলাকায় টহল বাড়ানো, চোরাচালানের রুট নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির সক্ষমতা বৃদ্ধি পাবে।
বিজিবি সূত্র জানায়, রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড়, উত্তর ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তে আগে ১২টি বিওপি ছিল। রহমতপুর বিওপি এ ব্যাটালিয়নের ১৩তম ক্যাম্প। এর আগে গত বছরের ৫ অক্টোবর মীরসরাইয়ের দুর্গম সীমান্তে ছোট ফরিংগা বিওপি চালু করা হয়।
রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, পানুয়া ও কয়লামুখ বিওপির মধ্যবর্তী সাত কিলোমিটার সীমান্ত এলাকা দুর্গম হওয়ায় সেখানে আভিযানিক কার্যক্রম পরিচালনা কঠিন ছিল। নতুন বিওপির ফলে ওই এলাকা আরও সুরক্ষিত হবে।
পরে বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সীমান্ত নিরাপত্তা, মাদক-অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে নভেম্বর থেকে প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন তিনি।
