নিজ সংবাদ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে তার দল। তবে এ বিষয়ে দলের একটি উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মক্কা প্যাক্ট বা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সই হওয়া একটি ত্রিপক্ষীয় সম্মিলিত প্রতিরক্ষা চুক্তি। চুক্তির আওতায় তিন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে দেশে ফিরে আসিফ মাহমুদ সরকারি দল বিএনপির বিরুদ্ধে বিভিন্ন খাতে ‘সিন্ডিকেট’ সক্রিয় হওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের বিমানের টিকিটের দাম কমে গিয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে, ফলে টিকিটের দাম বেড়েছে।
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে পণ্যের দাম ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসিফ মাহমুদ বলেন, জনগণকে এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণ দিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
