নিজ সংবাদ:
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, এ হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। এতে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করেছে দলটি।
ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, গোলাপগঞ্জে বিএনপির নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলায় গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং দলের সদস্যরা আহত হয়েছেন।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
