মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু

বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। তিনি বোলপুর হাই স্কুলের করণিক হিসেবে কর্মরত ছিলেন।

বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর মেয়ে পড়াশোনায় ভালো ছিলেন এবং নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন। মেয়ের চাকরির জন্য তিনি কোথাও কোনো ধরনের তদবির করেননি বলেও দাবি করেন।

এদিকে সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে ভারাক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পাশাপাশি গত চার-পাঁচ বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

এক আত্মীয় জানান, বৃষ্টি বেশির ভাগ সময় নিজের ঘরেই একা থাকতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বেশি কথা বলতেন না। মঙ্গলবার সকালে তাঁকে ঘর থেকে বের হতে না দেখে পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।