ক্রীড়া ডেস্ক:
আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে হঠাৎ মাঠে ঢলে পড়ে উদ্বেগ তৈরি করেছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা জামাল মুসিয়ালা। তবে ম্যাচ শেষে বায়ার্ন জানিয়েছে, ২৩ বছর বয়সী এই ফুটবলার এখন ভালো আছেন।
বদলি হিসেবে মাঠে নামা মুসিয়ালা ম্যাচের ৮১ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন। গোলের প্রায় ১৫ মিনিট পরই তিনি মাঠে ঢলে পড়েন। দুই দলের চিকিৎসকরা দ্রুত এগিয়ে এসে তার শুশ্রূষা করেন। পরে নিজেই উঠে দাঁড়িয়ে হেঁটে টানেলের দিকে চলে যান। তবে তাকে কিছুটা ভীত দেখাচ্ছিল। ম্যাচের ৮৮ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বায়ার্ন ম্যাচটি ৩-১ গোলে জেতে।
ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবারল বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসিয়ালা ভালো আছেন। তবে কেন তিনি মাঠে ঢলে পড়েছিলেন, সে বিষয়ে ক্লাব বিস্তারিত কিছু জানায়নি।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে ধারণা করা হয়েছে, হঠাৎ মাথা ঘোরার কারণে এমনটি হতে পারে। ঘটনার সময় মিউনিখের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে মুসিয়ালার অসুস্থতার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। তার শারীরিক অবস্থার ওপর নজর রাখবে বায়ার্ন।
সাম্প্রতিক সময়ে গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মুসিয়ালা। গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে তার ফিবুলা হাড় ভেঙে যায়। দীর্ঘ পুনর্বাসনের পর জানুয়ারিতে মাঠে ফেরেন তিনি। সম্প্রতি দলীয় অনুশীলনেও পুরোপুরি ফিরেছিলেন।
চলতি মৌসুমে মুসিয়ালাকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে বায়ার্নের। তাই প্রীতি ম্যাচের এই ঘটনায় নতুন কোনো চোটের আশঙ্কা তৈরি হয়েছে কি না, তা নিয়েই এখন নজর সবার।
