আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে নৌপথটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন স্থাপনের কথা জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি নাকচ করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অবৈধ রুটগুলোতে’ আরও নৌ মাইন স্থাপন করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রকাশিত মানচিত্র ও ছবির প্রসঙ্গ টেনে জোলফাগারি বলেন, এর জবাবে সেন্টকম কেবল ফটোশপ ব্যবহার করে প্রণালিটির নাম পরিবর্তন করতে পেরেছে।
তিনি ব্যঙ্গ করে বলেন, এখন থেকে তেলবাহী জাহাজ পারাপারের সমস্যার সমাধানেও যুক্তরাষ্ট্র ফটোশপ ব্যবহার করতে পারে।
ইরানি এই বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও অবস্থান নিয়ে তেহরানের কঠোর অবস্থানই প্রকাশ পেয়েছে।
