আন্তর্জাতিক ডেস্ক:
চলতি বছরের শুরুতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশেকেকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি হবে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে দুজনের সর্বশেষ মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মোদি ও পেজেশকিয়ান একাধিকবার ফোনে কথা বলেন। এসব আলোচনায় উত্তেজনা কমানো, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, হরমুজ প্রণালিতে নৌ চলাচল এবং ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয় গুরুত্ব পায়।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। বিশেষ গুরুত্ব পাবে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ। যুদ্ধ পরিস্থিতি নিয়েও মোদি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।
নয়াদিল্লি শুরু থেকেই যুদ্ধবিরতি, বেসামরিক মানুষের নিরাপত্তা এবং পণ্য ও জ্বালানির অবাধ পরিবহনের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে দেশটি।
অন্যদিকে, সংকট মোকাবিলায় এসসিও ও ব্রিকসের মতো জোটগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। শিগগিরই ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফরেও যাওয়ার কথা রয়েছে ইরানি প্রেসিডেন্টের।
