নিজ সংবাদ:
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিও।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হন। দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।
সমাবেশে মাওলানা আবদুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, আগের নির্বাচনে দৃশ্যত সুষ্ঠু ভোট হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকানো হয়েছিল।
সমাবেশে জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
