প্রায় পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

Mirza Abbas returns home

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরেছেন।

এর আগে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি নেন তিনি।

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাস শারীরিকভাবে বেশ ভালো বোধ করছেন বলে সম্প্রতি জানিয়েছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলবে বলে জানা গেছে।