মন্ত্রীদের ভ্রমণ বিল ছাড়ে কঠোর শর্ত

জারি নতুন নির্দেশনা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল এবং অগ্রিম অর্থ বরাদ্দে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া ভ্রমণ বিলের অর্থ ছাড় করা যাবে না বলে জানানো হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে ভ্রমণ বিল পরিশোধ ও অগ্রিম সমন্বয়ের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারী মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিলযুক্ত বিলের সঙ্গে সরকার প্রধানের অনুমোদিত সারসংক্ষেপের কপি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অফিস আদেশ, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও সূচি জমা দিতে হবে। যাতায়াতের ক্ষেত্রে প্রকৃত ভাড়ার উল্লেখ থাকা টিকিট এবং আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বোর্ডিং পাস সংযুক্ত করতে হবে।

এ ছাড়া আবাসিক হোটেলের মূল বিল বা পরিশোধের প্রমাণক, বৈদেশিক মুদ্রায় ব্যয়ের ক্ষেত্রে বিনিময় হারের বিবরণ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ভাউচার দাখিল করতে হবে। বিলের মূল কপিসহ মোট তিন সেট জমা দিতে হবে এবং ফটোকপি সত্যায়িত হতে হবে।

অনুমোদিত সময়ের অতিরিক্ত ভ্রমণ করলে পুনরায় অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অগ্রিম অর্থ গ্রহণের পর সফর শেষে এক মাসের মধ্যে সমন্বয় বিল দিতে হবে। পূর্ববর্তী ভ্রমণের অগ্রিম যথাসময়ে সমন্বয় না হলে পরবর্তী সফরের জন্য নতুন অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

নতুন পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে গত বছরের ৪ মে জারি করা আগের পরিপত্রটি প্রতিস্থাপিত হয়েছে।