দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার প্রদীপ কুমার দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, “শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। মেধা ও মননের পূর্ণ বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার এই ধারা অব্যাহত রাখতে জেলা ও উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।” বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরণের ইনডোর ও আউটডোর খেলার উপকরণ রয়েছে, যা পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে। খেলাধুলার সামগ্রী বিতরণের পর জেলা প্রশাসক প্রাগপুর ইউনিয়ন পরিষদ, নদী শাসনের কাজ পরিদর্শন করেন। এর আগে সকালে দৌলতপুর থানা ও উপজেলা ভূমি মেলার স্টল পরিদর্শন করেন।
