ক্রীড়া ডেস্ক:
দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের পর পেপ গার্দিওলাকে ছাড়াই নতুন যুগ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। তবে নতুন কোচ এনজো মারেসকার অধীনে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে ইংলিশ ক্লাবটি। হংকংয়ে অনুষ্ঠিত আসাহি সুপার ড্রাই ট্রফির প্রীতি ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ইন্টার মিলান।
ম্যাচের ১৪তম মিনিটে আন্তোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এরপর আরও একটি গোলের সুযোগ তৈরি করলেও ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজ দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে জামাল ইদ্রিসুর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে সমতা ফেরান ইন্টারের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্দ।
বিরতির পর উভয় দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও জয়সূচক গোলের দেখা পায়নি। সিটির ভিতর রেইসের শট ক্রসবারে লাগে, আর তরুণ উইঙ্গার রায়ান ম্যাকআইদুর প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইন্টার মিলান ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আসাহি সুপার ড্রাই ট্রফি জিতে নেয়। গার্দিওলাবিহীন নতুন অধ্যায়ের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না ম্যানচেস্টার সিটির।
