তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের আস্থা আছে: মাহদী আমিন

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

ঢাকা সফররত মার্কিন দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় আস্থার কথা উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গত প্রায় পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত পদক্ষেপেরও প্রশংসা করেছে ওয়াশিংটন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মার্কিন কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কী ধরনের নীতিগত সহায়তা দেওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

মাহদী আমিন আরও জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের ৪৫ জন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।