যুক্তরাষ্ট্রের বন্দীশালায় মাদুরোর প্রথম ছবি প্রকাশ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলোতে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রোববার প্রকাশিত ছবির টাইমস্ট্যাম্প অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল।

জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়। মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মাদুরো ও ফ্লোরেস এসব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাদুরো ছবিগুলো প্রকাশ করে তার নাতি-নাতনি, সন্তান এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দেন। তিনি বলেন, তারা দৃঢ়, শান্ত ও আত্মবিশ্বাসী রয়েছেন এবং ঈশ্বর তাদের সঙ্গে আছেন। একই সঙ্গে ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

ছবিতে মাদুরোকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দুই হাতে ভি-চিহ্ন দেখাতে দেখা যায়। আটকের পর তার ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও মনে হচ্ছে।

তবে ছবিগুলো আসল কি না এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এগুলো প্রকাশ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এএফপি এ বিষয়ে আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।

মাদুরোর এই বার্তা এমন সময়ে প্রকাশ পেল, যখন তার উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনার অনুমতি দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দিয়েছেন।