নিজ সংবাদ:
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং সাংবিধানিকভাবে শপথ গ্রহণের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া এ নোটিশ পাঠান।
নোটিশটি প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আইনজীবী আসলাম মিয়া নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকে দুই মন্ত্রীর নিয়োগ, যোগ্যতা, নাগরিকত্ব, আনুগত্য ও শপথের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৬৬(১) অনুযায়ী বাংলাদেশের নাগরিক ও ২৫ বছর বয়সী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য। অন্যদিকে ৬৬(২)(গ) অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারের ক্ষেত্রে সংসদ সদস্য পদে অযোগ্যতার প্রশ্ন উঠতে পারে। তবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কেউ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে পরে তা ত্যাগ করলে ৬৬(২এ)-এর বিশেষ বিধানও প্রযোজ্য হতে পারে।
নোটিশে ড. খলিলুর রহমান ও হুমায়ুন কবির কখনও বিদেশি নাগরিকত্ব বা পাসপোর্ট নিয়েছেন কি না, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ঘোষণা দিয়েছেন কি না এবং বিদেশি নাগরিকত্ব নিয়ে থাকলে তা কবে ত্যাগ করেছেন—এসব তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া তাদের নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন ও জাতীয়তার রেকর্ড পরীক্ষা করে নিয়োগ সংবিধানসম্মত কি না, তা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে নোটিশদাতা স্পষ্ট করেছেন, এটি কোনো চূড়ান্ত অভিযোগ বা সিদ্ধান্ত নয়; বরং সংশ্লিষ্ট সাংবিধানিক প্রশ্নগুলো কর্তৃপক্ষের মাধ্যমে যাচাইয়ের দাবি।
