ক্রীড়া ডেস্ক:
ইতালিয়ান সিরি আ’তে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে পড়েও নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতে সান সিরোয় ইন্টারের জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক লাউতারো মার্তিনেজের। জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন নাটকীয় জয়।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নাপোলি। ৫০ মিনিটে মাত্তেও পলিতানোর প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে নিচের কোণায় শট নিয়ে নাপোলিকে এগিয়ে দেন পলিতানো।
এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। তার বাঁকানো শট জালে জড়িয়ে যায়। লিগে টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্টার। ৫৬ মিনিটে ফেদেরিকো দিমার্কোর দুর্দান্ত ক্রস থেকে এক গোল শোধ করেন মার্তিনেজ। এরপর সমতায় ফেরার সুযোগ পায় স্বাগতিকরা। মার্কাস থুরামের শট পোস্টে লেগে ফিরে আসে।
তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান। ডান দিকের কোণায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড।
নাটকীয়তার শেষটুকু জমা ছিল শেষ মিনিটের জন্য। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন মার্তিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই জয়ে চলতি মৌসুমে সিরি আ’র প্রথম তিন ম্যাচেই জয় পেল ইন্টার মিলান।
