কুমারখালী প্রতিনিধি \ মৎস্যচাষে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কুষ্টিয়ার কুমারখালিতে প্রান্তিক চাষিদের মাঝে বিতরণ করা হয়েছে আধুনিক উপকরণ। উপজেলার চারজন মৎস্যচাষিকে দেওয়া হয়েছে একটি করে এয়ারেটর, দুই কেজি রোটেনন, ৩৩ কেজি চুন ও সার, ৪০ কেজি খৈল এবং একটি করে সাইনবোর্ড। ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের প্রদর্শনী হিসেবে কুমারখালী খামারবাড়ি চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্টরা। সরকারি এই সহায়তা পেয়ে খুশি স্থানীয় মৎস্যচাষিরা। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে চারজন চাষিকে প্রায় ৬০ হাজার টাকার উপকরণ দেওয়া হয়েছে। তার আশা, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে প্রতিটি চাষির কাছে পৌঁছে যাবে আধুনিক প্রযুক্তি—বাড়বে মাছের উৎপাদন, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতি।
