ছয় দিন পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

টানা ছয়দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা।

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে সেতু এলাকা থেকে পানি সরে যায়। বর্তমানে সেতুটির সংস্কারকাজ চলছে। আপাতত পর্যটকদের কাছ থেকে সেতুতে চলাচলের জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পানি সরে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ পাওয়ার পর পুনরায় টিকিট চালু করা হবে।

এর আগে ২৯ আগস্ট কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে রাঙামাটি সদরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়। নিরাপত্তার কারণে ওই দিন দুপুর থেকে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

পানি কমাতে ২৯ আগস্ট রাতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়া শুরু হয়। পরদিন ৩০ আগস্ট সকাল থেকে আরও বেশি পরিমাণ পানি নিষ্কাশন করা হয়। এখনও পানি ছাড়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন এই ঝুলন্ত সেতু নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ওপর নির্মিত সেতুটি জল ও স্থল—দুই পথেই সহজে যাওয়া যায়। নির্মাণের পর থেকেই এটি রাঙামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। বর্তমানে এটি ‘সিম্বল অব রাঙামাটি’ নামেও পরিচিত।