নিজ সংবাদ:
কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানের বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বর্তমানে তিনি হাইকোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকাতেও বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম তার বিচারিক এখতিয়ারসহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর তাকে বিচারকাজ থেকে বিরত রাখেন প্রধান বিচারপতি। ওই সময় বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির গঠন করা ৬৩টি বেঞ্চের কোনোটিতেই বিচারপতি আব্দুল মান্নানের নাম রাখা হয়নি।
ঘটনার সূত্রপাত গত ৩ এপ্রিল কুমিল্লায় অনুষ্ঠিত এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে। সেখানে বিচারপতি আব্দুল মান্নান নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং উপস্থিত কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর তাকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখা হলেও বর্তমানে প্রধান বিচারপতির সিদ্ধান্তে তার বিচারিক ক্ষমতা পুনর্বহাল হয়েছে। এর ফলে তিনি নিয়মিতভাবে হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। হাইকোর্টে নিয়োগের আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
