আন্তর্জাতিক ডেস্ক:
আরব দেশগুলোর ভূখণ্ড থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে না নিলে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি জেনারেল যাদুল্লাহ জাভানি। তিনি বলেন, আরব দেশগুলোর উচিত তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়া এবং দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়া।
জাভানি বলেন, ‘আমেরিকানদের তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া এবং ঘাঁটিগুলো ফেরত নেওয়াই উত্তম হবে।’
তিনি আরও সতর্ক করেন, কুয়েত, বাহরাইন, জর্ডানসহ যেকোনো আরব দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে তা মেনে নেবে না তেহরান। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত ও ধ্বংসাত্মক জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের এই বক্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে।
