শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শাপলা চত্বর মামলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এদিন মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, শাহরিয়ার কবির, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু রয়েছেন। অসুস্থ থাকায় সাংবাদিক ফারজানা রুপাকে হাজির করা হয়নি।

মামলার পলাতক আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক পুলিশ ও সামরিক কর্মকর্তাসহ আরও অনেকে রয়েছেন।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ এ মামলায় ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়।

মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।