নিজ সংবাদ:
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে তার প্রভাব পুরো দেশের ওপর পড়বে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, দেশের সব মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার ঘুরে সেবার মান পর্যবেক্ষণ করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, দায়িত্বে অবহেলা করলে টারমিনেশন বা সাময়িক বরখাস্তের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এতদিন নমনীয় থাকা হলেও এখন আর ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের সামনে থাকা দুটি বেসরকারি ক্লিনিকেও অভিযান চালানো হয়। প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকা, নরমাল ডেলিভারি সেবা না দেওয়া এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ‘মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ সিলগালা করা হয়। একই অভিযোগে ‘ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল’ সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে প্রতিষ্ঠানটিও সিলগালা করা হবে।
এ ছাড়া সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
