নিজ সংবাদ:
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। তিনি বলেন, “আমি কাজ করতে এসেছি, বাটপারি করতে আসিনি। যে কাজ হবে, তা টেকসই ও মানসম্মত হতে হবে।”
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ধানকাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চলমান নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
হুইপ অপু বলেন, এমনভাবে সড়ক নির্মাণ করতে হবে যাতে আগামী ৫০ বছরেও বড় ধরনের সংস্কারের প্রয়োজন না পড়ে। উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, কোনো ঠিকাদার বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের কঠোরভাবে কাজের মান বজায় রাখার নির্দেশ দেন।
হুইপের ভাষ্য, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা। তাই প্রতিটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনকালে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু নাইম নাবিল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর উন্নয়নে চলমান প্রকল্পগুলোর বিষয়ে হুইপকে বিভিন্ন তথ্যও তুলে ধরেন।
