নিজ সংবাদ:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে হাতকড়া পরানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, হাতকড়াকে তারা অপমান হিসেবে দেখেন না; বরং এটি নববধূর চুড়ির মতোই মনে করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, “এ নিয়ে কোনো কথা বলার নেই। এটা সরকার বুঝবে। আমাদের হাতে বহুবার হাতকড়া পড়েছে। আমরা খুব খারাপ কিছু মনে করি না। বিয়ের সময় মেয়ের হাতে যেমন চুড়ি পরানো হয়, আমরা হাতকড়াকেও তেমনই মনে করি।”
তিনি দাবি করেন, নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে বলেই প্রতিবাদ জানাতে ট্রাইব্যুনালে এসেছেন। তার ভাষ্য, আদালতে প্রত্যেক অভিযুক্তের নিজের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু লতিফ সিদ্দিকীকে সেই সুযোগ দেওয়া হয়নি। সম্মানিত ব্যক্তিদের মর্যাদা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তার ভাইয়ের বয়স এখন ৮৭ বছর হয়ে গেছে। এখন যদি কোনো অপরাধের দায়ে (যা তিনি করেননি) তার ফাঁসি হয়, তাহলে আমরা সাদরে গ্রহণ করবো। কারণ আল্লাহ তায়ালা তাকে তখন মুক্তি দেবেন।
শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে অভিযুক্ত করার বিষয়ে তিনি বলেন, সে সময় তিনি পাটমন্ত্রী ছিলেন এবং সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ‘কিচেন কেবিনেট’-এর সদস্যও ছিলেন না। তাই তাকে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন কাদের সিদ্দিকী।
এর আগে একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শাপলা চত্বরের ২০১৩ সালের ঘটনার মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
