নিজ সংবাদ:
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৩ মে পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে বিশ্বে হামে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
বিভিন্ন দেশের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে হামে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। একই সময়ে সুদানে মারা গেছে ৩৭১ জন এবং পাকিস্তানে অন্তত ৭১ শিশুর মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবারও হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইয়েমেন, মেক্সিকো, অ্যাঙ্গোলা, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, সুদান ও ক্যামেরুনে নতুন করে হাম ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশে গত জানুয়ারিতে রাজশাহী অঞ্চলে প্রথম বড় আকারে হামের সংক্রমণ দেখা দেয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পরিস্থিতি বেশি ভয়াবহ হয়ে ওঠে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা বাড়তে থাকলে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে হাম সন্দেহে ১৬৪ জন এবং নিশ্চিত হামে ৫০ জনসহ মোট ২১৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগেও হাম ও উপসর্গে বহু শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
