গাংনীতে শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:
গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অপরাধে শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম। রবিবার (২৪ মে) দুপুরে এই রায় ঘোষণা করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন সকালে শিশুটির বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। শিশুটি বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় চাঁদপুর গ্রামের যুবক শাকিল ওই মাঠে ঘাস কাটছিলেন। শিশুটিকে একা দেখে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। ধর্ষণের পর শিশুটি হাত ছাড়িয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে ছুটে যায়।
ওই দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুর পিতা।

রায় ঘোষণার সময় আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন। পুলিশ তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার ২৯ কার্যদিবসের মধ্যেই রায় ঘোষণা করা হয়েছে, যা দেশের প্রেক্ষাপটে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ে রায় একটি ইতিবাচক উদাহরণ, বলে মন্তব্য করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ছিলেন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য।