আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে আকস্মিক বন্যার পর শত শত বিদেশি পর্যটকের এখনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, একাধিক দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১০০ জন চীনা নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া ৯০ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৫১ জন মালয়েশীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, ৪৩ জন অস্ট্রেলীয় নাগরিকের এখনো সন্ধান পাওয়া যায়নি। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি তিব্বতে আরও ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ থাকার কথা জানিয়েছে। এদের মধ্যে কতজন নেপালের তালিকায় রয়েছেন, তা স্পষ্ট নয়।
এ ছাড়া ৩০ জন কানাডীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের কয়েকজন পর্যটকও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ বিদেশি নাগরিকদের উদ্ধারে নেপালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন দেশের প্রকাশিত তথ্যের মধ্যে কিছুটা পার্থক্য থাকায় নিখোঁজের মোট সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
