নিজ সংবাদ:
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী। তার নাম গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের পক্ষে থাকা আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার সঙ্গে কাজ করার জন্যই গ্রায়েম এল. হল বার কাউন্সিলে আবেদন করেছেন।
এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে করা আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান উল্লেখ করেন।
আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।
এ জন্য আবেদনের সঙ্গে নিজের পেশাগত প্রোফাইলসহ প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেছেন তিনি।
এখন বিদেশি আইনজীবী হিসেবে গ্রায়েম এল. হলকে ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
