পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৩

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতেই মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার আবদুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) ও হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাজারের কাদরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে প্রতিষ্ঠান পরিচালনা করেন জাকিয়া। সম্প্রতি তাঁর এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর পাওনা বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, গত ২৩ আগস্ট ওই সাবেক কর্মচারী ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং জাকিয়াকে হুমকি দেন।

এর ধারাবাহিকতায় ২৯ আগস্ট সকালে বড় বাজারে জাকিয়া ও স্থানীয় কাপড় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ, পুলিশ উপস্থিত থাকার সময়ও এক নারী পুলিশ সদস্যের পাশে দাঁড়িয়ে থাকা জাকিয়াকে কয়েকজন যুবক লাথি ও ঘুষি মারেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ওসি উত্তম কুমার ঘোষ জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।