বিনোদন ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুকের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৮ আগস্ট গাজীপুরে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা দর্শকের কাছে ‘মিয়া ভাই’ নামেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন ফারুক। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে মনোযোগ দেন এবং অভিনয়ের মাধ্যমে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা।
১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ফারুকের। এতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। ক্যারিয়ারের শুরুতেই ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মান পান তিনি। পরে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে যান ফারুক। এরপর ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘মিয়া ভাই’, ‘পদ্মা মেঘনা যমুনা’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর অনুরাগের কারণে ১৯৭৫ সালের পর নিজের জন্মদিন উদযাপন করতেন না ফারুক। ২০২৩ সালের ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নন্দিত অভিনেতা। জন্মদিনে তাই ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন ভক্তরা।
