বিনোদন ডেস্ক:
বলিউড তারকা ইমরান হাশমির আলোচিত রোমান্টিক ক্রাইম সিনেমা ‘জান্নাত’-এর ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত সিনেমাটিতে ইমরানের বিপরীতে অভিনয় করেন সোনাল চৌহান। প্রেম, অপরাধজগত ও ক্রিকেট জুয়ার গল্পের পাশাপাশি সিনেমাটির গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জান্নাত ৩’ নিয়ে কথা বলেন বিশেষ ভাট। তিনি জানান, ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বর্তমানে কাজ চলছে।
২০০৮ সালের ১৬ মে মুক্তি পাওয়া ‘জান্নাত’-এ ইমরান অভিনয় করেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নে ছোটখাটো জুয়া থেকে শুরু করে একপর্যায়ে ক্রিকেট বুকিং ও আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়ে সে। অন্যদিকে জোয়া চরিত্রে ছিলেন সোনাল চৌহান।
‘জান্নাত’-এর সাফল্যের পর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। এবার তৃতীয় কিস্তির পরিকল্পনার খবর সামনে আসায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে ‘জান্নাত ৩’-এ ইমরান হাশমি থাকবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
