নিজ সংবাদ:
নাটোরে নিজ চেম্বারে ঢুকে আনোয়ারুল ইসলাম (৪৬) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা। নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে চাঁদপুর বাজারে তাঁর নিজস্ব চেম্বার ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাত আটটার দিকে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারুলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। বৃষ্টি কিছুটা কমার পর আশপাশের লোকজন চেম্বারের মেঝেতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর বাজারের এক দোকানি জানান, সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টির কারণে বাজার অনেকটাই ফাঁকা ছিল। বৃষ্টি কমার পর চিকিৎসকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, রাত পৌনে ৮টা থেকে ৮টা ৫ মিনিটের মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভারী বৃষ্টির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা চেম্বারে ঢুকে তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
