নিজ সংবাদ:
ঢাকেশ্বরী মন্দিরের জমির একটি বড় অংশ আওয়ামী লীগের দখলে ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস অতিক্রম করেছে। এই সময়ে দেশে কেউ গুমের শিকার হননি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক নির্যাতনের ঘটনাও ঘটেনি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর চর্চা হচ্ছে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে কোনো ধরনের বঞ্চনার শিকার হতে হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। বাংলাদেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নন; সবাই নাগরিক এবং রাষ্ট্রের সমান অধিকারভুক্ত।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সহযোগিতা ও সরকারের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ঢাকেশ্বরী মন্দিরের জমির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য থাকাকালে তিনি ওই এলাকা পরিদর্শন করেছিলেন। তখন প্রায় আড়াই একর সম্পত্তি সরকারের হাতে ছিল। বাকি জমি আওয়ামী লীগের দখলে ছিল বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সরকারের হাতে থাকা আড়াই একর জমি ছিল শ্মশান। সেটি না থাকলে ওই জমিও দখল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বর্তমানে জমিগুলো বহুবার হাতবদল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাই বাস্তব পরিস্থিতি।
