দক্ষিণ এশিয়ায় অপরাধের হারে শীর্ষে ঢাকা

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক সংস্থা নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে ঢাকার অপরাধ সূচক ৬২.২ এবং নিরাপত্তা সূচক ৩৭.৮, যা এ অঞ্চলের অন্য বড় শহরগুলোর তুলনায় সবচেয়ে খারাপ অবস্থান নির্দেশ করে।

তালিকায় পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লির অপরাধ সূচক ৫৯.১, গাজিয়াবাদের ৫৮.৪ এবং নয়ডার ৫৫.১। অন্যদিকে তুলনামূলক নিরাপদ শহরের মধ্যে রয়েছে ভারতের ম্যাঙ্গালোর (নিরাপত্তা সূচক ৭৪.৪), পাকিস্তানের ইসলামাবাদ (৬৮.৬), নেপালের কাঠমান্ডু (৬৩.৩) এবং শ্রীলঙ্কার কলম্বো (৫৭.৪)।

বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণতার দিক থেকে ঢাকার অবস্থান ৫৯তম। বিশ্লেষণে বলা হয়েছে, নগরবাসীর বড় অংশ রাতে চলাফেরায় অনিরাপদ বোধ করেন এবং অপরাধের আশঙ্কা অনুভব করেন।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯।

নাম্বিও বিশ্বজুড়ে বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, অপরাধ, স্বাস্থ্যসেবা, ট্রাফিক ও অন্যান্য সামাজিক সূচকের ভিত্তিতে নিয়মিত এই প্রতিবেদন প্রকাশ করে। সর্বশেষ সূচকে ঢাকার অবস্থান দেশের আইনশৃঙ্খলা ও নগর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের ইঙ্গিত দিয়েছে।